সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক ডাকাতরা হলেন, আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা শ্যামনগর কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী বিশেষ অভিযান শুরু করে। এ সময় জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটক ডাকাতদের তথ্য অনুযায়ী রাতে ১১ শ্যামনগরের হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানায় কোস্টগার্ড।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com