বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।

আজ রোববার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফা (৩২)। তারা সবাই বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর আওতায় মামলাটি করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে আমরা মামলা করার সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, বিভাগের প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেনের মাধ্যমে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়।

বিভাগীয় বন কার্যালয়ের কোর্ট লিয়াজোঁ কর্মকর্তা মাসুম মোস্তফা কাউসার ব‌লেন, বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, স্থানীয় লোকজন শিয়ালগুলোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। তবে শিয়ালের মাংস খাওয়া হয়েছে কি না, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্তে বিষয়টি জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২ জুলাই ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় একদল ব্যক্তি শিয়ালগুলোকে হত্যা করেন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com