সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন, দাকোপ উপজেলার শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

এ সময় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার এবং অবৈধ শিকার ও পাচারের অভিযোগে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও পাচারের কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা হরিণের মাংস ও আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com