কুয়াকাটায় ১৬৩টি জীবিত কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে সমুদ্রে অবমুক্ত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সদ্য ডিম ফুটে জন্ম নেওয়া ১৬৩টি জীবিত সামুদ্রিক কচ্ছপের বাচ্চা উদ্ধার করে নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। স্থানীয়দের মতে, কুয়াকাটা সৈকতে এবারই প্রথম একসঙ্গে এত সংখ্যক জীবিত কচ্ছপের বাচ্চা পাওয়া গেল।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিমে লেম্বুরবন এলাকায় সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচে বালুর গর্ত থেকে এসব কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়।

প্রথমে স্থানীয় ব্যবসায়ী সালমান আহম্মেদ তানভীর বাচ্চাগুলো দেখতে পান। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যদের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদের উপস্থিতিতে তিন নদীর মোহনায় বাচ্চা কচ্ছপগুলো নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের মহিপুর সদর ক্যাম্পের বিট কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, পরিবেশকর্মী আরিফুর রহমান, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যবৃন্দসহ পরিবেশ ও পর্যটনকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে নিজের ফিশ ফ্রাইয়ের দোকান খুলতে গিয়ে লেম্বুরবন এলাকার ব্যবসায়ী মো. বায়েজিদ দোকানের নিচের বালুর মধ্যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা নড়াচড়া করতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে অসংখ্য কচ্ছপের বাচ্চার উপস্থিতি নিশ্চিত হয়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন,কুয়াকাটা উপকূল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ সাধারণত নিরিবিলি সৈকতে ডিম পাড়ে। এসব প্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হতে হবে। কচ্ছপের ডিম বা বাচ্চা দেখতে পেলে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলো নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। সামুদ্রিক কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপকূলীয় এলাকায় এদের প্রজনন ও বিচরণ নিশ্চিত করতে বন বিভাগ নিয়মিত নজরদারি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, সামুদ্রিক কচ্ছপ আমাদের উপকূলীয় পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এদের সুরক্ষায় উপজেলা প্রশাসন সবসময় সচেতন রয়েছে। কুয়াকাটা সৈকতে কচ্ছপের ডিম পাড়া ও বংশবিস্তারের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com