সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক

সুন্দরবনের কালাবগী স্টেশনের অধীন কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভেসাল জাল, নিষিদ্ধ কীটনাশক এবং একটি নৌকা উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলমের নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছালামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে হেলাল উদ্দিন ও আয়ুব আলী নামে দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ ভেসাল জাল, নিষিদ্ধ কীটনাশক এবং একটি নৌকা জব্দ করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষ প্রয়োগ করে মাছ ধরা সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং এটি বন আইনে দণ্ডনীয় অপরাধ।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com