আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ

আন্তর্জাতিক সমুদ্র দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেওক্রাডং বাংলাদেশ’। এ অভিযানে লাবণী ও ইনানী সৈকত এলাকা থেকে প্রায় ৭ টন প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ জুন) পরিচালিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানের সময় সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর নানা বর্জ্য সংগ্রহ করা হয়। পরে সেগুলো কক্সবাজার পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনে নেওয়া হয়।

আয়োজকরা জানান, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্যের কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।

এ কারণে জনসচেতনতা বৃদ্ধি এবং সৈকত পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রতি বছর সমুদ্র দিবসকে কেন্দ্র করে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিআরএফ ইয়ুথ ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় বিপুল পরিমাণ অপচনশীল বর্জ্য পাওয়া গেছে। পর্যটকরা যদি সচেতনভাবে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন, তাহলে সমুদ্রসৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা সম্ভব।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সৃজিতা রায় বলেন, অনেক পর্যটক সমুদ্র ভ্রমণে এসে অসচেতনভাবে প্লাস্টিকজাত বর্জ্য ফেলে যান।

এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা গেলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব।

কেওক্রাডং বাংলাদেশের পরিচালক মুনতাসির মামুন বলেন, প্রায় দুই দশক ধরে সংগঠনটি পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে এবার কক্সবাজারের লাবণী ও ইনানী সৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। প্রত্যেকে নিজের ব্যবহৃত বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি করলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সচেতনতা বাড়লেই পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করা যাবে।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com