ওশানটাইমস ডেস্ক : ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৭:২৪

কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে লোকালয়ে এসে কাদামাটির গভীর গর্তে আটকা পড়ে দুটি বন্যহাতি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হাতি দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) টেকনাফ রেঞ্জের মধ্যনহীলা বিটের হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খাবারের সন্ধানে সংলগ্ন বনাঞ্চল থেকে হাতি দুটি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে এলাকার একটি বড় কাদামাটির গর্তে পড়ে যায় তারা। গর্ত থেকে বের হতে না পেরে আটকা পড়ে হাতি দুটি। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ইআরটি সদস্য ও স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর হাতি দুটিকে গর্ত থেকে বের করে আনা হয়। এ সময় হাতি দুটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
টেকনাফ রেঞ্জের মধ্যনহীলা বিট কর্মকর্তা মো. হোসেন বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে এসে দুটি বন্যহাতি কাদামাটির গর্তে আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটি উদ্ধার করেন। পরে সেগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।
For add