২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকায় ভারী বৃষ্টিতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। নানা শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com