আরও ১৫ জেলায় বন্যার আশঙ্কা

­

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে দেশের ১২টি জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে নতুন করে আরও ১৫ জেলা প্লাবিত হতে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

 বাসস

  ১২ জুলাই ২০২৬, ১৬:০৯
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে।

এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে তিনটি নদীর পাঁচটি জেলার পাঁচটি পয়েন্টে অর্থাৎ –  সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি  বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এ সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কাও রয়েছে।

এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সংশ্লিষ্ট নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চল এলাকায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কমতে পারে। এর ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ এ প্রতিবেদনে জানানো হয়েছে ।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com