জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

এ সময় উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এক তথ্যবিবরণীতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি হ্রাস পাবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com