ওশানটাইমস ডেস্ক : ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৬:৫৫

কুয়াশা ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে শীতের প্রভাব বাড়ছে।
একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, ‘এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।’
তিনি জানান, ‘তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।’
শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।
শীতের এই পরিবর্তনে নতুন কর্মব্যস্ততা তৈরি হয়েছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। গাছ থেকে রস আহরণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে নল বসানোর কাজ শুরু করেছেন তারা।
তাদের আশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।
তবে শীতের এই মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমছে।
For add