ওশানটাইমস ডেস্ক : ২৬ জুলাই ২০২৬, রবিবার, ২০:১৯:৩৩

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, মৌসুমী নিম্নচাপটি রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র থেকে ৪১৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব নদী বন্দরকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মৌসুমী নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে। উপকূলে এলাকা দিয়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
For add