ওশানটাইমস ডেস্ক : ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ০:৩৭:১৬

সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ দূষণ কমিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সুন্দরবনের ওপর দূষণের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমানো সম্ভব।
জার্মান কো-অপারেশন (GIZ), হেলভেটাস বাংলাদেশ ও রূপান্তরের যৌথ উদ্যোগে ‘Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans Mangrove Forests and their Zones of Influence in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বন বিভাগের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক।
সভার শুরুতে রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশীষ ভট্টাচার্য প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া যুব উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করেন। পরে রিসাইকেল জারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় এর বাস্তবায়ন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় ভান্ডারিয়া, নেছারাবাদ ও মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের পরিবেশগত নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সরকার, উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনীতে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
For add