শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুর প্রায় ২টার দিকে শ্রীমঙ্গলের কাকিয়াবাজার এলাকার বাসিন্দা তপু দেবনাথ তার বাড়ির সামনের ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে একটি বড় সাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা নিশ্চিত হন যে এটি একটি অজগর সাপ।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত অজগরটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অজগরসহ যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com