ওশানটাইমস ডেস্ক : ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২১:১১:১৭

কক্সবাজারকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে আধুনিক অবকাঠামো, ইকো-ট্যুরিজম, আন্তর্জাতিক বিমানবন্দর, স্মার্ট সিটি এবং ব্লু ইকোনমিভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কক্সবাজারের ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজারের উন্নয়নে ইকো-ট্যুরিজম মডেল অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেন, পর্যটন মন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যেখানে আধুনিক পর্যটন হাব হিসেবে জেলার সার্বিক উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ, ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত অংশীজনের প্রস্তাবনার ভিত্তিতে কক্সবাজার স্মার্ট সিটি নির্মাণের লক্ষ্যে দ্রুত একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করার নির্দেশ দেন।
এ সময় অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
For add