জেলের জালে ধরা পড়ল ৪১ কেজির বাঘাইড়, ৫৩ হাজারে বিক্রি

মানিকগঞ্জের যমুনা নদীতে জেলের জালে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। ওই মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাতের দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর সংলগ্ন যমুনা নদীতে জেলের জালে ধরা পড়ে।

বাঘুটিয়া বাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার ভোর রাতের দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর সংলগ্ন যমুনা নদীতে ৪১ কেজি ওজনের বাঘাইড়টি চারজন জেলের মালিকানার জালে ধরা পড়ে। পরে সকালে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে মাছটি নিয়ে আসেন ওই জেলেরা।

বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল বলেন, ‘মো. ওহাব মোল্লা, মো. আসিফ মিয়া, মো. মতিন শেখ নামের জেলেরা যমুনা নদী থেকে আজ ভোররাতে ৪১ কেজি ওজনের মাছটি ধরেন। বাঘুটিয়া চর এলাকার মো. জাকির হোসাইন নামের সৌদি প্রবাসী কিনে নেন, মাছের ওজন ৪১ কেজি, এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট দাম ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।’

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, ‘বন অধিদপ্তর থেকে বাঘাইর মাছ ধরা বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com