সমুদ্রের গুহায় নিখোঁজ ৪ পর্যটক, ডুবুরির মৃত্যুতে স্থগিত উদ্ধার অভিযান

মালদ্বীপে গভীর সমুদ্রের তলদেশে একটি গুহা ঘুরে দেখতে গিয়ে নিখোঁজ চার পর্যটকের খোঁজে শুরু হওয়া উদ্ধার অভিযান স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। গুহায় নেমে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সামরিক ডুবুরির মৃত্যুর পর শনিবার ওই পর্যটকদের খুঁজে বের করার পরিকল্পনা থেকে সরে আসে অনুসন্ধানী দল।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, মালদ্বীপে ঘুরতে গিয়ে গত বৃহস্পতিবার ‘ডিপ সি ডাইভিং’ (গভীর সমুদ্রে ডুব দেওয়া)- এর আগ্রহ দেখান ইতালির পাঁচ অভিজ্ঞ ডুবুরি। এরপরই তারা সাধারণ সরঞ্জাম নিয়ে সমুদ্রে নামেন। তবে দুদিনের উদ্ধার অভিযানের পরেও তাদের মধ্যে চারজনের মরদেহ খুঁজে না পাওয়ায় সবাইকে মৃত ধারণা করছে কর্তৃপক্ষ।

নিহতদের পরিচয় প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। তারা হলেন- জেনোয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার সহযোগী অধ্যাপক মনিকা মন্টেফালকোনে, তার মেয়ে জর্জিয়া সোম্মাকাল, সামুদ্রিক জীববিজ্ঞানী ফেদেরিকো গুয়ালতিয়েরি, গবেষক মুরিয়েল ওদ্দেনিনো এবং ডাইভিং প্রশিক্ষক জিয়ানলুকা বেনেদেত্তি।

বৃহস্পতিবার জিয়ানলুকা বেনেদেত্তির মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ গুহার মুখের কাছাকাছি পাওয়া যায়। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, বাকি চারজন গুহার ভেতরে প্রবেশ করেছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঁচ সদস্যের ইতালিয় ডুবুরি দলটি বৃহস্পতিবার ভাভু অ্যাটলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানে নামেন। অথচ মালদ্বীপে বিনোদনমূলক স্কুবা ডাইভিংয়ের অনুমোদিত সর্বোচ্চ গভীরতা ৩০ মিটার।

শনিবারের উদ্ধার অভিযানে স্থানীয় আটজন ডুবুরি পালাক্রমে অংশ নেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক উদ্ধারকারী দল এরইমধ্যে গুহার প্রবেশমুখ শনাক্ত ও চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তবে পর্যটক দলের সবার মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্তাধীন।

মালদ্বীপের প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ হুসেইন শরীফ জানান, মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোহাম্মদ মাহুধি প্রাথমিক ওই উদ্ধার অভিযানে অংশ নেন। তিনি একজন দক্ষ ডুবুরি এবং গভীর সমুদ্রে অসংখ্যবার ডুব (ডাইভ) দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন। তবে অভিযানের সময় পানির নিচে ডিকম্প্রেশনজনিত (পানির তীব্র চাপ) জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মোহাম্মদ হুসেইন শরীফ বলেন, ‘গভীর ও গুহা ডাইভিং বিশেষজ্ঞ তিন ফিনিশ ডুবুরি রোববার মালদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে নতুন করে উদ্ধার কৌশল নির্ধারণ করা হবে।’

শনিবার রাতে রাষ্ট্রীয় মর্যাদায় মাহুধির দাফন সম্পন্ন হয় এবং সেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও উপস্থিত ছিলেন। শুক্রবার উদ্ধার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্টকে যে দলটি ব্রিফ করেছিল, মাহুধি সেই দলেরই সদস্য।

শরীফ বলেন, ‘এই মৃত্যু থেকেই বোঝা যায়, অভিযান কতটা কঠিন।’

বৈরী আবহাওয়া বারবার উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। একই সঙ্গে উদ্ধার অভিযানে নিহত মালদ্বীপের ডুবুরির পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।

জেনোয়া বিশ্ববিদ্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, মনিকা মন্টেফালকোনে ও মুরিয়েল ওদ্দেনিনো মালদ্বীপে সরকারি বৈজ্ঞানিক মিশনে ছিলেন। তারা সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিয়ে গবেষণা করছিলেন। তবে যে স্কুবা ডাইভিং অভিযানে এই দুর্ঘটনা ঘটে, সেটি তাদের গবেষণা কার্যক্রমের অংশ ছিল না; বরং এটি ছিল ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ডাইভ।

বিশ্ববিদ্যালয় আরও জানায়, শিক্ষার্থী জর্জিয়া সোম্মাকাল এবং সদ্য স্নাতক সম্পন্ন করা ফেদেরিকো গুয়ালতিয়েরিও ওই বৈজ্ঞানিক মিশনের সদস্য ছিলেন না। তারা পারিবারিক সূত্রে মালদ্বীপ ভ্রমণ করছিলেন।

মনিকা মন্টেফালকোনের স্বামী এবং জর্জিয়ার বাবা কার্লো সোম্মাকাল অবশ্য এটিকে দুর্ঘটনা ভাবতে নারাজ। ইতালির টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিশ্চয়ই পানির নিচে কিছু একটা ঘটেছিল। আমার স্ত্রী অত্যন্ত সতর্ক ও নিয়ম মেনে চলা ডুবুরি ছিলেন এবং কখনো তিনি জেনেশুনে নিজের মেয়ে বা সহকর্মীদের ঝুঁকিতে ফেলবেন না। এমন কিছু ঘটেছে যা আমরা জানি না, হয়তো জানবও না।’

মালদ্বীপ সফরের ব্যবস্থাপনায় যুক্ত ইতালির ট্যুর অপারেটর জানিয়েছে, তারা দলটিকে এই গভীর সমুদ্রে ডাইভের অনুমতি দেয়নি এবং বিষয়টি সম্পর্কে অবগতও ছিল না।

ইতালির দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির আইনজীবী ওরিয়েত্তা স্তেলা বলেন, ‘ডুবুরিরা ৩০ মিটারের বেশি গভীরে নামার পরিকল্পনা করেছিলেন- এমন তথ্য অপারেটর জানতেন না। ওই গভীরতায় নামতে মালদ্বীপের সামুদ্রিক কর্তৃপক্ষের বিশেষ অনুমতি প্রয়োজন এবং তারা কখনো সাধারণ পর্যটকদের এমন ডাইভের অনুমোদন দিত না।’

স্তেলা জানান, সফরটির মূল উদ্দেশ্য ছিল সাধারণ গভীরতায় প্রবাল নমুনা সংগ্রহকেন্দ্রিক বৈজ্ঞানিক ক্রুজ। কিন্তু নিহতরা যে গভীরতায় গিয়েছিলেন, তা পরিকল্পনার অনেক বাইরে। তিনি আরও বলেন, ‘নিহতরা অভিজ্ঞ ডুবুরি হলেও, তাদের ব্যবহৃত সরঞ্জাম ছিল সাধারণ বিনোদনমূলক ডাইভিংয়ের উপযোগী; গভীর গুহা ডাইভিংয়ের জন্য প্রয়োজনীয় বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম নয়।’

তিনি স্পষ্ট করেন, আলবাত্রোস টপ বোট নামের প্রতিষ্ঠানটি শুধু ভ্রমণ প্যাকেজ বাজারজাত করেছিল। জাহাজটির মালিকানা তাদের নয় এবং জাহাজের কর্মীরাও স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, গুহা ডাইভিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম। এ ধরনের ডাইভে বিশেষ প্রশিক্ষণ, উন্নত সরঞ্জাম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়। গুহার ভেতরে সোজা ওপরে উঠে আসার সুযোগ না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। এ ছাড়া তলদেশের পানি ঘোলা হয়ে গেলে দৃশ্যমানতা হঠাৎ কমে যায়, ফলে পথ হারানোর আশঙ্কাও তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, ৫০ মিটার গভীরতায় ডাইভিং অধিকাংশ আন্তর্জাতিক স্কুবা প্রশিক্ষণ সংস্থার নির্ধারিত সীমার অনেক বাইরে। সাধারণভাবে ৪০ মিটারের বেশি গভীরতার ডাইভকে ‘আধুনিক প্রযুক্তিনির্ভর ডাইভিং’ হিসেবে ধরা হয় এবং এর জন্য বিশেষ প্রশিক্ষণ ও সরঞ্জাম আবশ্যক।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটকরা যে গুহায় নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে সেটি তিনটি বড় চেম্বারে বিভক্ত, যেগুলো সরু পথ দিয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত। শুক্রবার উদ্ধারকারী দল তিনটির মধ্যে দুটি চেম্বার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তবে অক্সিজেন সরবরাহ ও ডিকম্প্রেশনজনিত ঝুঁকির কারণে তৃতীয় চেম্বারে অনুসন্ধান সীমিত রাখতে হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

সমুদ্রের গুহায় নিখোঁজ ৪ পর্যটক, ডুবুরির মৃত্যুতে স্থগিত উদ্ধার অভিযান দুপু‌রের মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার বিরল প্রজাতির জীবিত অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার দেশের ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা সামুদ্রিক শৈবাল পচে তৈরি হচ্ছে নতুন সংকট পটুয়াখালীতে ২৪ লাখ টাকার মাছ জব্দ, আটক ৬ দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বায়ুদূষণে আজ ঢাকা ৩৬ তম, শীর্ষে লাহোর ঢাকার তাপমাত্রা কমার আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি শিল্পবর্জ্যে বিপর্যস্ত তুরাগ, নদের বুক জুড়ে ভাসে প্লাস্টিক ও নানা আবর্জনা

For add

oceantimesbd.com