বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রায় মঙ্গলবার সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর)  সকাল সাড়ে আটটায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ৩৩৬ রেকর্ড করা হয়, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। চলতি মৌসুমে ঢাকার বায়ুর মান এটিই সর্বোচ্চ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় এ সময় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬। ২১৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর।

ঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। মঙ্গলবার প্রতি ঘনমিটার বাতাসে এসব কণার ঘনত্ব পাওয়া গেছে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার ৪৮ দশমিক ৭ গুণ। অতি সূক্ষ্ম এসব কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। দীর্ঘদিন এমন বাতাসে থাকলে শ্বাসতন্ত্র ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।

রাজধানীর বিভিন্ন এলাকার পর্যবেক্ষণকেন্দ্রেও দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। আইকিউএয়ারের ১৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, বাড্ডার প্রগতি সরণিতে একিউআই ছিল ৪৯০। গুলশান লেক পার্কে ৪৮৩ এবং বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ৪৭৪। এ ছাড়া বারিধারার পার্ক রোডে ৪৫৫, বিআইডিএস পর্যবেক্ষণকেন্দ্রে ৪৩১ এবং বারিধারা লেকসাইডে ৪২৪ একিউআই রেকর্ড করা হয়।

অন্যান্য এলাকার মধ্যে বেচারাম দেওড়িতে একিউআই ছিল ৩৮৪, বে’স এজওয়াটারে ৩৭৮, ইস্টার্ন হাউজিংয়ে ২৭৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২০৬। সূচকের প্রচলিত মানদণ্ডে ৩০১ থেকে ৫০০ পর্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। সে হিসাবে তালিকার প্রথম আটটি এলাকার বাতাস ছিল বিপজ্জনক পর্যায়ে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আবহাওয়ার পরিস্থিতি ও দূষণের উৎসের কারণে ঢাকার বায়ুমান আরও খারাপ হতে পারে। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালু এবং অন্যান্য উৎস থেকে ছড়িয়ে পড়া সূক্ষ্ম বস্তুকণা বায়ুদূষণের অন্যতম কারণ। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলেও দূষণের মাত্রা বেশি থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ জরুরি।

এদিকে দূষিত বাতাসের ক্ষতি এড়াতে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও রয়েছে। শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের রোগীদের এ সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে, বৃষ্টির সম্ভাবনা ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য় শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৫ দিন কেমন থাকবে আবহাওয়া সেন্টমার্টিনে প্রাণ ফিরলেও আশানুরূপ পর্যটক নেই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি

For add

oceantimesbd.com