বায়ুদূষণে শীর্ষে ঢাকা,মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ৮টার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৪। এ মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের কলকাতার একিউআই ছিল ১৯৮। মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৯১ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল।

ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৫৯ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ৩২ গুণ। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।

ঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে আছে বারিধারা পার্ক রোড, এখানকার বায়ুর মান ২৮৪। এ ছাড়া বিআইডিএস ও গুলশান লেক পার্কে একিউআই ২৭৩, বেচারাম দেউড়িতে ২৬৭, সাগুফতা ও গুলশানের বে’জ এইজ ওয়াটার ২৪৮, দক্ষিণ পল্লবীতে ২৪৭, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ২১৭ এবং তিন নম্বর সেক্টরে ২০৫ রেকর্ড করা হয়। এসব এলাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

ঢাকা ও আশপাশের এলাকার মধ্যে গাজীপুরে ২৪৫, টঙ্গিতে ১৮৫ স্কোর রেকর্ড করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিক। ফলে সময়ের সঙ্গে অবস্থান ও স্কোর বদলে যেতে পারে।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com